ডাকসু ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২২ নভেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে কেরোসিন ঢেলে সেখানে অগ্নিসংযোগ করা হয়। এতে বাড়ির আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি এই ঘটনাকে বর্বর তাণ্ডব, নাশকতা ও নৈরাজ্য হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানান।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অতীতেও বিভিন্ন সময়ে সহিংসতা ও জ্বালাও-পোড়াও চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তবে নাশকতা ও দেশবিরোধী কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রনেতৃবৃন্দ ও ডাকসু নেতৃবৃন্দের বাসাবাড়ি, স্থাপনা ও আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী চরম ব্যর্থতা ও উদাসীনতার পরিচয় দিয়েছেন। সরকারের এই নিষ্ক্রিয়তারও তীব্র প্রতিবাদ জানান তিনি।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দকে লক্ষ্য করে হামলা ও নাশকতার চেষ্টা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নেতৃবৃন্দের ব্যক্তিগত নিরাপত্তা ও বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি; অন্যথায় জনগণের ক্ষোভ আরও বাড়বে বলে সতর্ক করেন।
সবশেষে বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

