অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের ব্রিসবেন শহরে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২০২৬। শনিবার (১৪ নভেম্বর) ব্রিসবেনের একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত এই মিলনমেলায় ব্রিসবেন, গোল্ডকোস্ট এবং সানশাইন কোস্টে বসবাসরত কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা সপরিবারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দীর্ঘ বিরতির পর প্রিয় সহপাঠী এবং অগ্রজ-অনুজদের একসঙ্গে কাছে পেয়ে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় স্মৃতিচারণ, প্রাণবন্ত আড্ডা ও সৌহার্দ্যের এক অপূর্ব মিলনমেলায়। নবীন ও প্রবীণ নটরডেমিয়ানরা তাদের কলেজজীবনের সোনালি দিনের নানা স্মৃতি রোমন্থন করেন এবং পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে এক আবেগঘন ও আনন্দময় সময় অতিবাহিত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য দেন ব্রিসবেনের পরিচিত সংগঠক ও সমাজকর্মী ড. যীশু দাস গুপ্ত। আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন ১৯৬২ ব্যাচের প্রবীণ প্রাক্তন শিক্ষার্থী ড. আদিল খান। অন্যদিকে, উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে নবীন ছিলেন ২০০৬ ব্যাচের তাহসিন। প্রবীণ ও নবীন প্রজন্মের এই মেলবন্ধন পুরো আয়োজনে এক বিশেষ মাত্রা যোগ করে।
পরিচয় পর্ব ও স্মৃতিচারণ শেষে উপস্থিত সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। মধ্যাহ্নভোজের পাশাপাশি অনানুষ্ঠানিক আলোচনায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন ১৯৯২ ব্যাচের দেওয়ান রওশন নবী এবং ২০০৬ ব্যাচের তাহসিন।
এই পুনর্মিলনীতে অংশগ্রহণকারী বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিসবেনের জনপ্রিয় কথাসাহিত্যিক মুস্তাফিজুর রহমান টিটু, ডা. জামান, ডা. জালাল, ডা. আশিক, ডা. নূর হাসান অনুপম, ড. দেওয়ান, ড. নুর হাসান, এফসিপিএ ও সিএফও তারিক ইসলাম, প্রকৌশলী কুশল আহমেদ, সাঈদ, ফখরুল, হাসিব, জেডি, জাহাঙ্গীর হোসেন, সৈয়দ শামস, ড্যানি আলম, তৌহিদুল হক, জাহেদুল হক, জাইদুল আলম, আমিন এবং কাজী সাহেদ আনোয়ার।
অংশগ্রহণকারীরা এমন একটি আন্তরিক ও সুশৃঙ্খল আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এ ধরনের পুনর্মিলনী কেবল পুরোনো স্মৃতিকেই জাগিয়ে তোলে না, বরং প্রবাসের ব্যস্ত জীবনে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।

