প্রধান খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে স্লোগান

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে আকস্মিক বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ করা হয়। হঠাৎ করে এমন কর্মসূচির কারণে ব্যস্ততম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও দূরপাল্লার পরিবহনচালকেরা।

গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কুটি চৌমুহনী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্ষোভ মিছিলে সরাসরি নেতৃত্ব দেন কুটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত আল রাফি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কুটি চৌমুহনী এলাকায় বেশ কয়েকজন নেতাকর্মী সমবেত হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের মাঝখানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি কারাবন্দি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তি দাবি করে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিতে থাকেন।

পরে বিক্ষোভের সেই ভিডিওটি অভিযুক্ত ছাত্রলীগ নেতা আল রাফি তার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো কসবা উপজেলাজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এমন প্রকাশ্য কর্মকাণ্ডে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। তবে পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও বিক্ষোভের সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *