ঈদযাত্রার শেষ দিন শুক্রবার রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি ছিল আশ্চর্যজনকভাবে কম। সকাল থেকেই দেশের প্রধান এই স্টেশনে দেখা গেছে স্বাভাবিক দিনের তুলনায় অনেকটাই ফাঁকা পরিবেশ। বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন অর্ধেক যাত্রী নিয়েই ঢাকা ছেড়ে গেছে যা ঈদের আগের দিনের সাধারণ চিত্রের সঙ্গে একেবারেই বেমানান।
বাংলাদেশ রেলওয়ে প্রতি বছরই ২৯ রমজান ধরে টিকিট বিক্রি করে থাকে। এবারও সেই নিয়মে বৃহস্পতিবার পর্যন্ত টিকিট বিক্রি করা হয়। পরে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পর বৃহস্পতিবার সন্ধ্যায় ২০ মার্চ এবং ঈদের পরের দিন ২২ মার্চের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। তবে ঈদের দিন ২১ মার্চ কোনো আন্তঃনগর ট্রেন চলবে না বলে ওই দিনের টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।
স্টেশনে গিয়ে দেখা যায়, ১৯ মার্চ যে পরিমাণ যাত্রীর ভিড় ছিল, আজ তার চারভাগের এক ভাগও নেই। টিকিট কাউন্টারের সামনে নেই কোনো জটলা, প্ল্যাটফর্মেও নেই যাত্রীদের ভিড়। যাত্রী কম থাকলেও নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর প্ল্যাটফর্মে প্রবেশের সময় টিটিইরা টিকিট পরীক্ষা করে দেখছেন, আর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে ছিলেন।
ঈদের আগে সাধারণত রেলস্টেশনে উপচে পড়া ভিড় দেখা গেলেও এবার যাত্রী কম থাকার কারণ হিসেবে অনেকে বলছেন অনলাইন টিকিট ব্যবস্থা, আগাম যাত্রা এবং সড়কপথে বাড়তি পরিবহন ব্যবহারের প্রবণতা। ফলে শেষ দিনে রেলস্টেশনে দেখা গেছে অস্বাভাবিক শান্ত পরিবেশ।

