সিডনির ঐতিহ্যবাহী লাকেম্বার আবদুল মুত্তালিব বড় মসজিদে ঈদের নামাজে যোগ দিতে এসে তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ। মুসলমানদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে তিনি মসজিদে উপস্থিত হলেও সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ান সরকারের মধ্যপ্রাচ্য নীতি, বিশেষ করে গাজা ও লেবানন ইস্যুতে ইসরায়েলের প্রতি সমর্থন স্থানীয় মুসলিমদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী মসজিদে প্রবেশ করার পরপরই মুসল্লিদের একটি বড় অংশ তাকে লক্ষ্য করে “কিলার”, “শেম অন ইউ”, “গো ব্যাক”সহ বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং নিরাপত্তা বাহিনী তাকে ঘিরে ফেলে। এক পর্যায়ে তীব্র প্রতিবাদের কারণে আলবানিজকে প্রায় এক ঘণ্টা মসজিদের ভেতর আটকে থাকতে হয়।

পরে ফেডারেল পুলিশ ও নিউ সাউথ ওয়েলস পুলিশ যৌথভাবে তাকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যায়। পুরো ঘটনাটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ক্ষোভের মাত্রা এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রনীতির প্রতি তাদের অসন্তোষকে স্পষ্টভাবে তুলে ধরেছে।

