২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ রোববার (১ নভেম্বর)।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, আজ রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরবে।
মামলার ৪১ আসামির মধ্যে ১১ জন গ্রেপ্তার রয়েছেন এবং বাকি ৩০ জন পলাতক। গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী দীপু মনি ও সাবেক আইজিপি একেএম শহীদুল হক।
মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথমটিতে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার অভিযোগ এবং দ্বিতীয়টিতে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের অভিযোগ উল্লেখ করা হয়েছে।

