জীবনের বাহান্নটি বসন্ত পেরিয়ে যখন বেশিরভাগ মানুষ শিক্ষাজীবনের ইতি টানেন, ঠিক সেই বয়সে নতুন করে বই হাতে তুলে এক অবিশ্বাস্য ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ এলাকার শেফালী বেগম। দীর্ঘ শিক্ষাবিরতি, সংসারের হাজারো ব্যস্ততা এবং নানা প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.২১ পেয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। তার এই অসামান্য অর্জন শুধু একটি পরীক্ষার সার্টিফিকেট নয়, বরং এটি আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল উপাখ্যান।
জানা গেছে, শেফালী বেগম গোমনাতি বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একজন শিক্ষার্থী ছিলেন। তার শৈশব থেকেই পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ছিল এবং প্রাথমিক ও মাধ্যমিকের বিভিন্ন পরীক্ষায় তিনি মেধার স্বাক্ষরও রেখেছিলেন। কিন্তু ছোটবেলায় বাবাকে হারানোর পর তীব্র আর্থিক সংকট ও পারিবারিক টানাপোড়েনের কারণে তার শিক্ষাজীবন আকস্মিক থেমে যায়। বই-খাতার পরিবর্তে তাকে কাঁধে তুলে নিতে হয় সংসারের কঠিন দায়িত্ব। পরবর্তীতে বিয়ে, স্বামী-সন্তান নিয়ে পুরোদস্তুর সংসারী হয়ে পড়ায় শিক্ষার স্বপ্ন একসময় ঢাকা পড়ে যায়। তবে মনের কোণে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুপ্ত বাসনাটি ঠিকই বেঁচে ছিল।
দীর্ঘ এই বিরতির পর স্বামী ও তিন সন্তানের নিরলস উৎসাহ এবং সহযোগিতায় তিনি আবারও নতুন করে পড়াশোনার মাঠে নামেন। ক্লাসরুমের বয়সের ব্যবধান ও সংসারের নানা দায়িত্ব সামলে তিনি নিয়মিত পড়াশোনা চালিয়ে যান। পরিশেষে তার সেই কঠোর পরিশ্রমের ফল মিলেছে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে। উল্লেখ্য, শেফালী বেগমের বড় ছেলে আব্দুর রাজ শাফি দক্ষিণ কোরিয়ার কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তরে এবং মেয়ে মাখসূরা খানম নাজমুন রংপুর সরকারি কলেজে স্নাতকোত্তরে অধ্যয়নরত রয়েছেন। সন্তানদের সফলতার পেছনেও ছিল এই অদম্য মায়ের অবদান।
শেফালী বেগমের এমন সাফল্যে উচ্ছ্বসিত তার শিক্ষাপ্রতিষ্ঠানসহ পুরো এলাকাবাসী। গোমনাতি বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক আব্দুল মান্নান জানান, তার এই সাফল্য সমাজের প্রতিটি মানুষের জন্য একটি শক্তিশালী ইতিবাচক বার্তা বহন করে। এটি প্রমাণ করে যে, নিয়মিত প্রচেষ্টা ও দৃঢ় মনোবল থাকলে যেকোনো বয়সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
নিজের সাফল্যের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে শেফালী বেগম বলেন, “ছোটবেলায় পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পর ভাগ্নি ও ছেলে-মেয়েদের পড়াশোনা দেখে নিজের মধ্যেও তীব্র ইচ্ছাশক্তি জেগে ওঠে। স্বামী-সন্তানদের সহযোগিতায় আজ জিপিএ ৪.২১ নিয়ে এইচএসসি পাস করতে পেরে মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় একটি স্বপ্ন পূরণ হয়েছে। এখন আমার ইচ্ছা উচ্চশিক্ষা অর্জনের।”
তার স্বামী মকছেদুল আলম গর্ব প্রকাশ করে জানান, পরিবার ও সংসারের জন্য শেফালী নিজের অনেক স্বপ্ন বিসর্জন দিয়েছিল। এত বছর পর হলেও সে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে, যা পুরো পরিবারের জন্য অত্যন্ত আনন্দের। ভবিষ্যতেও তার উচ্চশিক্ষার এই পথচলায় তারা সবাই পাশে থাকবেন। এমনকি তার চতুর্থ পড়ুয়া নাতনি শারাফি রাজও দাদির এই সাফল্যকে তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে দেখছে। শেফালী বেগমের এই অসামান্য জীবনযুদ্ধ প্রমাণ করেছে যে, শেখার কোনো বয়স হয় না; দৃঢ় সংকল্প থাকলে যেকোনো বাধা জয় করা সম্ভব।

