বাবার নিথর দেহ তখন পড়ে আছে বাড়ির উঠানে। চারদিকে স্বজনদের কান্নার রোল আর মাতম। এমন চরম হৃদয়বিদারক ও মানসিক বিপর্যস্ত পরিস্থিতিতেও বাবার স্বপ্ন পূরণের অদম্য জেদ নিয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন যশোরের বেনাপোলের মেধাবী শিক্ষার্থী আাফিয়া মাসুমা। বুকভরা কষ্ট আর অশ্রুসিক্ত নয়নে সবকটি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে অবশেষে বিজ্ঞান বিভাগ থেকে ‘এ গ্রেড’ অর্জন করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
শনিবার প্রকাশিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশের পর তার এই অভাবনীয় সাফল্য পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে শোকের মাঝেও আনন্দের এক ভিন্ন আবহ তৈরি করেছে। আফিয়া মাসুমা যশোরের শার্শা উপজেলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সামাদের ছোট মেয়ে। মৃত আব্দুস সামাদ বেনাপোলের সুপরিচিত মেসার্স তাজমহল ট্রান্সপোর্ট ও হাজী মুছা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই সন্ধ্যায় বাড়িতে হঠাৎ স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আব্দুস সামাদ। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথেই তিনি ইন্তেকাল করেন। ওই রাতেই তার মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়। মেয়ের ভবিষ্যৎ পরীক্ষার কথা বিবেচনা করে পরিবারের সদস্যরা রাতেই দাফন না করে জানাজা ও দাফনের সময় কিছুটা পিছিয়ে দেন। পরদিন সকালে নিজ বাড়ির উঠানে বাবার মরদেহ রেখে চোখের জলে বুক ভাসাতে ভাসাতে বেনাপোল কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যান মাসুমা। পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরে তিনি বাবার দাফনকার্য ও জানাজায় অংশ নেন। এরপর বাবাকে হারানোর তীব্র শোক ও শূন্যতা বুকে ধারণ করেই অত্যন্ত সাহসিকতার সঙ্গে বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করেন এই তরুণী।
ফলাফল প্রকাশের পর আবেগাপ্লুত হয়ে আফিয়া মাসুমা গণমাধ্যমকে জানান, তার বাবা সবসময় চাইতেন তিনি যেন পড়াশোনায় ভালো ফলাফল করেন। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে বাবাকে হারানো ছিল তার জীবনের সবচেয়ে কঠিন ও অসহনীয় মুহূর্ত। পরীক্ষার খাতায় কলম ধরতে গেলেই বারবার মৃত বাবার মুখ ভেসে উঠছিল। বাবা বেঁচে থাকলে তার এই ফলাফলে সবচেয়ে বেশি আনন্দিত হতেন বলে জানান তিনি। ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে পরিবারের স্বপ্ন পূরণের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন এই মেধাবী শিক্ষার্থী।
মেধাবী এই ছাত্রীর সাফল্যে উচ্ছ্বসিত শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ মো. হাসানউজ্জামান বলেন, “মাসুমা শুরু থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। বাবার মৃত্যুর মতো মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হয়েও পরীক্ষায় অংশ নিয়ে ‘এ গ্রেড’ অর্জন করা তার অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয়। পরিবারের এই বিপর্যয় না ঘটলে সে হয়তো আরও ভালো অর্থাৎ জিপিএ-৫ অর্জন করতে পারত।”
শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদও মাসুমার এই সাহসিকতার প্রশংসা করে জানান, বাবাকে হারানোর গভীর শোক নিয়ে পরীক্ষায় অংশ নেওয়া এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সত্যিই প্রশংসার দাবিদার। উচ্চশিক্ষার ক্ষেত্রে তার পরিবার কোনো ধরনের সহযোগিতা কামনা করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে। বাবার অনুপস্থিতিতে বুকভরা কষ্ট চেপে রেখে মাসুমার এই সাফল্য কেবল একটি প্রাতিষ্ঠানিক ফলাফল নয়, বরং চরম প্রতিকূলতার মাঝেও দায়িত্ববোধ ও স্বপ্নের প্রতি অবিচল থাকার এক অনন্য ও অনুপ্রেরণাদায়ক ইতিহাস।

