টাঙ্গাইল শহরে সাড়ে ছয় বছরের এক শিশুকে বলপূর্বক ধর্ষণের পর ইট দিয়ে মুখ ও নাক থেঁতলে দেওয়ার এক পৈশাচিক ঘটনা ঘটেছে। অভিযুক্ত বখাটে যুবকের কঠোর শাস্তি ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। বর্তমানে গুরুতর আহত শিশুটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের ব্যস্ততম কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি বহুতল ভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা শহরের ক্যাপসুল মার্কেট এলাকার একটি বিউটি পার্লারে চাকরি করেন। অভিযুক্ত বিপ্লব নামের ওই যুবক নিয়মিত ওই পার্লারে যাতায়াত করতেন এবং সেই সুবাদে তাদের পূর্বপরিচয় ছিল। ঘটনার দিন বিকেলে শিশুটি তার মায়ের কর্মস্থল থেকে নিচে নামার পর দীর্ঘক্ষণ নিখোঁজ থাকে। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
একপর্যায়ে অভিযুক্ত বিপ্লব শিশুটির মায়ের কাছে তিনটি চিপস নিয়ে আসে। মেয়ের বিষয়ে জানতে চাইলে সে বিভিন্ন অজুহাত ও তালবাহানা শুরু করে। পরবর্তীতে হাসপাতাল থেকে খবর পেয়ে মা জানতে পারেন যে, এক মানবিক রিকশাচালক রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। পরিবারের অভিযোগ, বিপ্লব শিশুটিকে কৌশলে কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের চতুর্থ তলায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি কান্নাকাটি ও বাধা দেওয়ার চেষ্টা করলে পাষণ্ড বিপ্লব ইট দিয়ে তার মুখ ও নাকে উপর্যুপরি আঘাত করে থেঁতলে দেয়।
এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী গণমাধ্যমকে জানান, হাসপাতালের মেডিকেল টিম প্রাথমিক পরীক্ষায় শিশুটির শরীরে ধর্ষণের স্পষ্ট আলামত পেয়েছেন। তার যৌনাঙ্গের পর্দা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া অতিরিক্ত মারধরের ফলে নাক ফেটে গেছে এবং ঠোঁটে একাধিক গভীর সেলাই দিতে হয়েছে।
নৃশংস এই ঘটনার বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সামছুল আলম সরকার জানান, তিনি নিজে সরেজমিনে হাসপাতালে গিয়ে আহত শিশুটিকে দেখে এসেছেন। অপরাধী বিপ্লবকে আইনের আওতায় আনতে এবং দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা ও অভিযান অব্যাহত রয়েছে।

