দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে এটি তাঁর প্রথম খুলনা সফর।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ শেষে দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে নৌপথে মোংলা বন্দরে পৌঁছে নির্ধারিত সভায় অংশগ্রহণ এবং বন্দরের জেটি পরিদর্শন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরে মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম, প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল এবং এলএনজি টার্মিনালের সম্ভাবনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দাকোপের নলিয়ানসহ সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক প্রস্তুতি চলছে। খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান জানিয়েছেন, এটি সম্পূর্ণ সরকারি সফর হওয়ায় স্থানীয়ভাবে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি। তবে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠুও সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসূচি অনুযায়ী নলিয়ান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে যাত্রার কথা রয়েছে।
এ ছাড়া আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর পুনরায় খুলনা সফরের কথা রয়েছে। ওই দিন জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

