প্রধান খবর

ঢাকা বোর্ডে এসএসসি বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গত সোমবার (১৯ অক্টোবর) মেধা ও সাধারণ এই দুই শ্রেণিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

বোর্ডের নির্ধারিত নীতিমালা অনুযায়ী, মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩৫০ টাকা পাবেন। পাশাপাশি বইপত্র ও শিক্ষা উপকরণ কেনার জন্য মেধাবৃত্তিপ্রাপ্তদের বছরে এককালীন ৯০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের ৪৫০ টাকা দেওয়া হবে।

বৃত্তির অর্থ পেতে শিক্ষার্থীদের অবশ্যই সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চতর শ্রেণিতে ভর্তি হতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্রের মাধ্যমে নির্ধারিত বিধি অনুসারে বৃত্তির অর্থ উত্তোলন করা যাবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি, সদাচরণ ও সন্তোষজনক শিক্ষাগত অগ্রগতি নিশ্চিত করতে হবে।

এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন। কোনো প্রতিষ্ঠান তাঁদের কাছ থেকে মাসিক বেতন দাবি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বোর্ডের নির্দেশনায় আরও জানানো হয়েছে, নির্ধারিত শর্ত লঙ্ঘন করলে বৃত্তির যোগ্যতা বাতিল হতে পারে। পাশাপাশি প্রয়োজনে সরকার বৃত্তির সংখ্যা, অর্থের পরিমাণ ও মেয়াদ পরিবর্তন কিংবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *