সবেমাত্র পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন এবার সামাজিক আন্দোলনের মাধ্যমে এলাকা থেকে মাদক নির্মূলে সরাসরি মাঠে নামার ঘোষণা দিয়েছেন। এই লক্ষ্যে স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ সংগঠন গড়ে তোলার উদ্যোগের কথা প্রকাশ করেছেন তিনি।
আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে ইশরাক হোসেন এই নতুন উদ্যোগের কথা দেশবাসীকে জানান।
ফেসবুক বার্তায় তিনি লেখেন, “প্রিয় ঢাকা-৬-এর বাসিন্দাগণ, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেব, ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে এখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চাই। এই সংগঠন স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং তাদের সহযোগিতা নেবে। আমাদের এই অত্যধিক ঘনবসতিপূর্ণ এলাকায় জনগণ সম্পৃক্ত না হলে কোনো একটি সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।”
সংগঠনটির কর্মপরিধি তুলে ধরে তিনি আরও উল্লেখ করেন, মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি একই প্রক্রিয়ায় চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হবে। প্রতিটি পদক্ষেপ স্থানীয় থানা-পুলিশের সঙ্গে সুষ্ঠু সমন্বয় বজায় রেখেই গ্রহণ করা হবে। তবে একটি কায়েমী স্বার্থান্বেষী গোষ্ঠী এবং কয়েকটি অসৎ গণমাধ্যম এই ইতিবাচক উদ্যোগকে নস্যাৎ করার চেষ্টা করতে পারে বলেও তিনি আশঙ্কার কথা জানান। যদিও শেষ পর্যন্ত সব বাধাবিঘ্ন পেরিয়ে অশুভ শক্তিকে রুখে দিয়ে এই সামাজিক আন্দোলনই জয়ী হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।
অপরাধীদের হুশিয়ারি দিয়ে ইশরাক হোসেন বলেন, “আমি এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করছি, আল্লাহ প্রদত্ত মৃত্যু ছাড়া কোনো দালাল মিডিয়া গ্রুপ অথবা অপরাধীরা আমাকে থামাতে পারবে না। এই মিডিয়া আমাদের দেশকে বিকলাঙ্গ করে রাখতে চায়। তাই তাদের বর্জন করে আমরা এগিয়ে যাব। আমরা বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার মিডিয়া গড়ে তুলব, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, গত সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এর আগে রাজধানীর গেন্ডারিয়ায় একটি রেললাইন সংলগ্ন বস্তিতে ব্যক্তিগতভাবে মাদকবিরোধী অভিযানে অংশ নেন তিনি। ওই সময় তার হাতে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে ব্যাপক তোলপাড় ও আলোচনার সৃষ্টি হয়। বিতর্ক এড়াতেই শেষ পর্যন্ত তিনি পদত্যাগের পথ বেছে নেন।

