বছর শেষে নতুন বর্ষের ক্যালেন্ডার আসার আগেই ধর্মপ্রাণ মুসলমানদের চোখ এখন ২০২৭ সালের সম্ভাব্য দিনপঞ্জিকায়। বিশেষ করে হিজরি ১৪৪৮ সনের পবিত্র রমজান মাস কবে নাগাদ শুরু হতে পারে এবং ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
সংবাদমাধ্যমটির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক গণনা ও হিসাব নির্দেশ করছে যে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে চাঁদ দেখার ঐতিহ্যগত নিয়ম অনুসারেই রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে। ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় আকাশে পবিত্র রমজান মাসের হিজরি চাঁদের সন্ধান করা হবে। ওই দিন আকাশে চাঁদ দেখা গেলে সে রাতে প্রথম তারাবিহ নামাজ আদায় এবং শেষ রাতে সেহরি খাওয়ার মাধ্যমে পরদিন সোমবার থেকে রোজা পালন শুরু করবেন বিশ্ব মুসলিম সম্প্রদায়।
অন্যদিকে, রমজান মাসের পূর্ণ মেয়াদ ও চাঁদের গতিপথের ওপর ভিত্তি করে তৈরি গাণিতিক হিসাব বলছে, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে রমজানের ২৯তম দিনে শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের এই দিন চূড়ান্তভাবে নিশ্চিত করা হবে।
প্রতি বছরই হিজরি বর্ষপঞ্জি চান্দ্র মাসের ওপর নির্ভরশীল হওয়ায় ইংরেজি ক্যালেন্ডারের চেয়ে ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে ধর্মীয় উৎসবগুলো। সে হিসেবেই ২০২৭ সালের প্রথম প্রান্তিকে অর্থাৎ ফেব্রুয়ারি ও মার্চ মাসের মধ্যেই রমজান ও ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

