প্রধান খবর

৯ কেজি ৩৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার: দুই বিমানকর্মী ৫ দিনের রিমান্ডে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো ৮০টি সোনার বার উদ্ধারের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ নির্দেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত দুই আসামি হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী মানিক মিয়া এবং মিজানুর রহমান। প্রসিকিউশন পুলিশের এসআই আবু বকর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে শাহজালাল বিমানবন্দরে অভিযান চালিয়ে ইমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কাছ থেকে ওই দুই কর্মীকে আটক করা হয়। পরে তাদের জুতায় লুকিয়ে রাখা মোট ৯ কেজি ৩৪০ গ্রাম ওজনের ৮০টি সোনার বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।

এ ঘটনায় কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার রুহানী ইসলাম বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে সোমবার মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার ইন্সপেক্টর আবুল কাইয়ুম আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে হাজির করেন। শুনানিকালে বিচারক আসামিদের জিজ্ঞেস করেন ৯ কেজি সোনা কীভাবে পেলেন, উত্তরে আসামি মানিক জানান যে তারা সোনাগুলো ফ্লাইটের সিটে কুড়িয়ে পেয়েছিলেন। শুনানি শেষে আদালত মানিক ও মিজানুরকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেন।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, বিমানের এই দুই কর্মীকে ব্যবহার করে চোরাচালানের বিশাল এই চালানের নেপথ্যে মূল কারা জড়িত ছিল, এগুলো কার কাছ থেকে এসেছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল-সেসব বিষয়ে বিস্তারিত জানতে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *