প্রধান খবর

পাকিস্তানি নায়িকার সঙ্গে নতুন ‘মহব্বত’ শাকিবের?

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত সুপারহিট জুটির পর ঢালিউড মেগাস্টার শাকিব খানকে নিয়ে আবারও নতুন সিনেমা নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নাম ঘোষণা করা হয়েছে ‘মহব্বত’। আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই বিগ বাজেট ছবিটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায়।

সিনেমাটির নাম ঘোষণার পর থেকেই শাকিব ভক্ত ও সাধারণ দর্শকদের কৌতুহল-এবার তার বিপরীতে নায়িকা হচ্ছেন কে? প্রযোজনা ও পরিচালনা পর্ষদের ঘনিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে পর্দায় রসায়ন জমাতে পারেন পাকিস্তানের জনপ্রিয় কোনো প্রথম সারির অভিনেত্রী। ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী এবং দুর-ই-ফিশানের নাম। একই সাথে ভারতের দুজন জনপ্রিয় অভিনেত্রীর নামও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

নায়িকা নির্বাচন নিয়ে পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান এখনই মুখ খুলতে রাজি হননি। তবে তারা আশ্বাস দিয়েছেন, খুব শিগগিরই একজমকালো আয়োজনের মাধ্যমে শাকিবের নতুন নায়িকার নাম পরিচয় করিয়ে দেওয়া হবে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’-এর দৃশ্যধারণের মূল কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, হিমেল-আদনান-শাকিব ত্রয়ীর আগের দুই সিনেমাতেই দেখা গেছে বিদেশী তারকাদের ঝলক। ‘প্রিয়তমা’তে কলকাতার ইধিকা পাল এবং ‘রাজকুমার’-এ মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি শাকিবের বিপরীতে অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত হন। সেই সফল ধারাবাহিকতায় এবার পাকিস্তানের নামিদামি কোনো নায়িকাকে ঢালিউডে উড়িয়ে আনা হচ্ছে কি না-তা দেখতেই মুখিয়ে আছেন বাংলা চলচ্চিত্রের দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *