ফরিদপুরের বোয়ালমারীতে জামাইয়ের নির্যাতন থেকে মেয়েকে তালাকের মাধ্যমে মুক্ত করে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল করেছেন এক ক্ষুব্ধ মা। ব্যতিক্রমী ও চোখ কপালে তোলার মতো এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে ঘটনাটি ঘটে। দুধ দিয়ে গোসল করা ওই নারীর নাম জুলেখা বেগম (৪৬)। তিনি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে জুলেখা বেগমের মেয়ে মনিরা খাতুনের (৩০) সঙ্গে একই এলাকার সুমন শেখের (৩২) বিয়ে হয়। নিহতের স্বজন ও জুলেখা বেগমের অভিযোগ, বিয়ের পর থেকেই মনিরা খাতুনকে যৌতুকের দাবিসহ নানা অজুহাতে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন জামাই সুমন। বিশেষ করে নিয়মিত নেশাগ্রস্ত অবস্থায় তিনি মনিরাকে বেধড়ক মারধর করতেন। দীর্ঘ নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি আইনি প্রক্রিয়ায় তালাকের মাধ্যমে মেয়েকে জামাইয়ের সংসার থেকে ছাড়িয়ে আনেন ওই নারী।
মা জুলেখা বেগম জানান, মেয়েকে জামাইয়ের নির্মম নির্যাতন থেকে মুক্ত করতে পারলে তিনি দুধ দিয়ে গোসল করার মানত (ওয়াদা) করেছিলেন। তালাক সম্পন্ন হওয়ায় নিজ ওয়াদা রক্ষা করতে তিনি বাইখীর চৌরাস্তা বাজারের মতো প্রকাশ্য স্থানে এসে দুধ দিয়ে গোসল সম্পন্ন করেন। তবে স্ত্রীর পরিবার কর্তৃক উত্থাপিত নির্যাতন ও মাদকাসক্তির যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মনিরার স্বামী সুমন শেখ।

