ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের লেখা ২১৭ বছরের পুরোনো একটি রহস্যময় ও সাঙ্কেতিক চিঠির পাঠোদ্ধার করা হয়েছে। দীর্ঘ দুই শতাব্দীরও বেশি সময় ধরে ইতিহাসবিদদের কাছে অমিমাংসিত থাকা এই গোপন বার্তাটি উন্মোচনে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। মূলত ফ্রান্স ও হ্যাবসবার্গ সাম্রাজ্যের যুদ্ধ শুরুর প্রাক্কালে ফরাসি ও অস্ট্রীয় বাহিনীর সামরিক গতিবিধি এবং গুরুত্বপূর্ণ কৌশলগত নির্দেশনাই ছিল এই ঐতিহাসিক চিঠির মূল বিষয়বস্তু।
ইতিহাসের নথি অনুযায়ী, ১৮০৯ সালে নেপোলিয়ন বোনাপার্ট তার সৎপুত্র তথা ইতালির ভাইসরয় ইউজিন অগুস্ত দ্য মারমোঁকে চিঠিটি প্রেরণ করেন। প্রথম লাইন ফরাসি ভাষায় থাকলেও পরবর্তী ২৪টি লাইনে ছিল জটিল দুই অঙ্কের সংখ্যা, বিচ্ছিন্ন বর্ণ এবং হাতে আঁকা সাংকেতিক চিহ্ন। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেন্টিনেলওয়ানের (SentinelOne) এআই প্রকৌশলী কার্টার চার্চ ওপেনএআই-এর ‘জিপিটি-৬ অ্যাস্ট্রা’ (GPT-6 Astra) প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘ ছয় ঘণ্টার প্রচেষ্টা শেষে পুরো বার্তাটির সফল পাঠোদ্ধার করতে সক্ষম হন।
গবেষক কার্টার চার্চ জানান, এআই মডেলটি মাত্র একটি নির্দেশনার ভিত্তিতে চিঠির প্রায় ১,৩০০টি জটিল চিহ্ন বিশ্লেষণ করে এবং নিজস্ব সমাধান কাঠামোর মাধ্যমে এর সাংকেতিক বিন্যাস ভেঙে ফেলে। উন্মোচিত চিঠিটিতে অস্ট্রিয়া আক্রমণের দু’সপ্তাহ আগের অত্যন্ত গোপনীয় সামরিক নির্দেশনা ছিল, যা ১৮৬৫ সালে প্রকাশিত নেপোলিয়নের অসম্পূর্ণ স্মৃতিকথার একটি নিখোঁজ অংশকেও পূর্ণাঙ্গ রূপ দিয়েছে।
ফরাসি ইতিহাসের বহু রোমাঞ্চকর ঘটনা ও নেপোলিয়ন বোনাপার্টের সামরিক কৌশলের এক অনন্য দলিল হিসেবে এই আবিষ্কার ইতিহাসবিদদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এআই প্রযুক্তির মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী ধরে অজানা থাকা এনক্রিপ্টেড ইতিহাসের পর্দা উন্মোচনের এই ঘটনাকে বিজ্ঞানের এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন গবেষকরা।

