প্রধান খবর

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কুমিল্লায় মহাসড়কজুড়ে নেতাকর্মীদের অবস্থান

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১০৪ কিলোমিটার এলাকায় সকাল থেকেই তাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী সড়কপথে ফেনীর উদ্দেশে ঢাকা ছাড়েন। তাকে একনজর দেখা ও শুভেচ্ছা জানাতে সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মী ও সাধারণ মানুষ অবস্থান নেন। কোথাও কোথাও ঢোল-বাদ্য বাজিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়।

দাউদকান্দি, চান্দিনা, নিমসার, পদুয়ার বাজার ও আলেখারচরসহ বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাদের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন। নিমসার এলাকায় স্থানীয়দের একটি অংশ জুনাব আলী কলেজ জাতীয়করণের দাবিও জানায়।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কুমিল্লার মহাসড়ক অংশে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর ফেনী সফরটি দায়িত্ব গ্রহণের পর সেখানে তার প্রথম সফর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *