প্রধান খবর

সব জেলায় পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

আকস্মিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জরুরি অবস্থা দ্রুত মোকাবিলায় দেশের প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। বুধবার (৩০ সেপ্টেম্বর) অপারেশন শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

জেলা পুলিশের তত্ত্বাবধানে বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সদস্যদের সমন্বয়ে এসব টিম গঠন করতে বলা হয়েছে। এতে জেলা পুলিশের পাশাপাশি পিবিআই, সিআইডি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, এপিবিএন, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কিউআরটির সদস্যদের নিয়ে মাদক ও অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত সমন্বিত অভিযান ও মহড়া আয়োজন করতে হবে। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে বিভিন্ন ইউনিটের সদস্যদের দ্রুত ও সমন্বিতভাবে অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া অভিযান ও মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও সদস্যদের তথ্য, উদ্ধার এবং আটকের পরিসংখ্যান দ্রুত পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় পাঠাতে বলা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে দেশের সব জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *