বহুল আলোচিত পাকিস্তানি ধারাবাহিক ‘তেরে বিন’-এ মুরতাসিম চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়া জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া অভিনেতা ওহাজ আলী এবার ঢাকায় আসছেন। সম্পূর্ণ ব্যক্তিগত সফরে ঢাকায় এসে একটি ফ্যাশন ও লাইফস্টাইল প্রদর্শনীতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশি ভক্ত ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সরাসরি দেখা করবেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিশেষ ভিডিও বার্তায় নিজেই বাংলাদেশে আসার এই ঘোষণা দিয়েছেন ওহাজ আলী। সেখানে ভক্তদের উদ্দেশ্যে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “হ্যালো বাংলাদেশ, আমি ওহাজ। খুব শিগগিরই আয়োজিত হতে যাওয়া ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এ অংশ নিতে পেরে আমি ভীষণ আনন্দিত। আপনাদের সবার সঙ্গে সাক্ষাৎ করতে, কিছুটা সুন্দর সময় কাটাতে এবং স্মরণীয় কিছু স্মৃতি তৈরি করতে আমি আর অপেক্ষা করতে পারছি না।”
ভিডিওর শেষাংশে এই পাকিস্তানি তারকা যুক্ত করেন, “দেখা হচ্ছে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ অনুষ্ঠানে। আপনাদের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন।”
জানা গেছে, আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ শীর্ষক একটি প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ওহাজ আলী তাদের ব্যক্তিগত অতিথি হিসেবে এই প্রদর্শনীর সমাপনী পর্বে উপস্থিত থাকবেন। ইভেন্টে অংশ নেওয়া দর্শকদের মধ্য থেকে র্যাফেল ড্র বা লাকি ড্রয়ের মাধ্যমে নির্বাচিত বিজয়ীরা প্রিয় তারকার সঙ্গে সরাসরি দেখা করার দুর্লভ সুযোগ পাবেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘নির্দিষ্ট অর্থের বিনিময়ে ১০০ জনের সাক্ষাতের’ তথ্যটিকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন আয়োজকরা।
পাকিস্তানের টেলিভিশন নাট্যাঙ্গনের জনপ্রিয় মুখ ওহাজ আলী ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’সহ একাধিক সফল নাটকে অভিনয় করে নজর কাড়েন। বিশেষ করে ২০২১ সালের ঐতিহাসিক নাটক ‘জো বিছার গায়ে’-তে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমির চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। তবে ২০২২ সালের শেষে সম্প্রচারিত ‘তেরে বিন’ নাটকে ‘মুরতাসিম’ চরিত্রে অভিনয় করে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের দর্শকদের অন্তরে আলাদা স্থান করে নেন এই অভিনেতা।

