প্রধান খবর

‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সুযোগ আর নেই, রাজনীতি শেষ’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

 ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে পুনরায় ফিরে আসার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শেখ হাসিনার ভারতে বসে ভার্চুয়ালি লন্ডনের কোনো কর্মসূচিতে যুক্ত হওয়ার বিষয়টিকে তিনি ‘মূল্যহীন কর্মকাণ্ড’ (ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ) হিসেবে আখ্যায়িত করেছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

যুক্তরাজ্যে আগামীকাল আয়োজিত একটি সংবাদ সম্মেলনে অনলাইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্ত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাজ্য সরকারকে কোনো বার্তা দেবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “এটি তো যুক্তরাজ্য সরকার আয়োজন করছে না। তারপরও যেখানে জানানো প্রয়োজন, আমরা অবশ্যই বার্তা পাঠাব। তবে একজন পালিয়ে যাওয়া স্বৈরাচার কোথায় বসে-অর্থাৎ ভারতে অবস্থান করে লন্ডনে ভার্চুয়ালি কথা বলবেন, এগুলো সম্পূর্ণ মূল্যহীন কাজ।”

হুমায়ুন কবির আরও বলেন, “তাঁর (শেখ হাসিনার) কাছে এখন আর কিছুই অবশিষ্ট নেই। তিনি এখন কিংকর্তব্যবিমূঢ় পরিস্থিতি পার করছেন; সবকিছু ধ্বংস হয়ে গেছে। তিনি নিজেকে শেষ করেছেন, নিজের রাজনৈতিক দলকেও ধ্বংস করেছেন এবং পরিবারকেও নিঃশেষ করে দিয়েছেন। বাংলাদেশে আর ফিরে আসার কোনো সম্ভাবনা তাঁর নেই। ইতিহাস বলে, গণঅভ্যুত্থানে যারা বিতাড়িত হয়, তাদের ফিরে আসার সুযোগ অত্যন্ত কম থাকে-বলতে গেলে শূন্যের কোঠায়।”

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শক্ত ভাষায় পুনর্ব্যক্ত করেন, “যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, জনগণের দ্বারা বিতাড়িত হয়েছেন, তাঁর রাজনৈতিক জীবন এখানেই শেষ। মানুষ ধরে নিয়েছে তাঁদের আর কিছু করার নেই, এখানেই তাঁদের রাজনীতি ও অধ্যায়ের ইতি ঘটেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *