চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। সালমান শাহর পক্ষের আইনজীবী আবিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় তাঁর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত ২০ মে তদন্ত কর্মকর্তা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি চান। ২৪ মে আদালত মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের অনুমতি দেন। পরে মরদেহ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে বাদীপক্ষ আবেদন করে। গত ২২ জুন দেহাবশেষ উত্তোলনের প্রক্রিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। প্রথমে তাঁর মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা হলেও পরে পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়। ২০২৫ সালের ২১ অক্টোবর তাঁর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলাটি করেন। মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলছে।

