জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে যানবাহন চলাচলে চারটি শর্ত বাধ্যতামূলক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শর্ত অমান্য করে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটালে চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের যানবাহনের ক্ষেত্রে এসব শর্ত প্রযোজ্য হবে।
নির্দেশনা অনুযায়ী, যানবাহনের গতি সহনীয় পর্যায়ে রাখতে হবে। প্রতিটি গাড়ির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া বৈধ নিবন্ধন সনদ থাকতে হবে। পাশাপাশি চালকের হালনাগাদ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটলে এর দায় চালক বা মালিককে বহন করতে হবে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসের নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

