প্রধান খবর

লাইসেন্স ছাড়া ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম, বন্ধের উদ্যোগ

লাইসেন্স ছাড়াই পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার পাঠানো চিঠিতে প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ও অ্যাপ বন্ধ এবং গুগল প্লে স্টোর থেকে অ্যাপ সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ এসব প্রতিষ্ঠান শনাক্ত করেছে।

লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বহুদূর পে, জিনিপে, পে-টিলার, বেঙলি পে, পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপে ওয়ে, একে পে, বিডি পে, সাজঘর পে, আস্থা পে, উদ্যোক্তাপে, ওয়ালেটমিক্স, বিটিটি পে, ইজিপে অটোমেশন, ইউনিকপে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজি পে, অটো পে লিমিটেড, বিশ্বস্ত ও পিপড়াপে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করলে গ্রাহক প্রতারণার শিকার হতে পারেন। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পেমেন্ট কার্যক্রম পরিচালনা বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। বিশেষজ্ঞদের মতে, অননুমোদিত প্রতিষ্ঠানের আর্থিক সংকট বা প্রতারণার কারণে গ্রাহক ও ব্যবসায়ীদের অর্থ আটকে যাওয়ার ঝুঁকি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *