দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাবেক ওসি রাকিবুল

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান এ আদেশ দেন।

এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন তাকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

তদন্ত কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে রাকিবুল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার দেওয়া ৪ মিনিট ২৯ সেকেন্ডের অডিও জব্দ করা হয়েছে। নমুনা কণ্ঠস্বরের সঙ্গে অডিওর কণ্ঠস্বর মিলিয়ে দেখতে তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।

এজাহার সূত্রে জানা যায়, রাকিবুল ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কথোপকথনের একটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। পরে তাকে ওসি পদ থেকে অব্যাহতি দিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয় এবং ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *