উৎসবমুখর ও প্রীতিময় পরিবেশে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন (ব্যাব)-এর ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ব্রিসবেনের আর্চারফিল্ড ওয়েটল্যান্ডস কমিউনিটি হলে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সংগঠনটির ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
বার্ষিক সাধারণ সভার প্রথম পর্বে বিদায়ী কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বিগত বছরের সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিশেষ অর্জন ও আর্থিক হিসাবের বিবরণী পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। সাধারণ সদস্যরা সংগঠনের কল্যাণমুখী কাজের তীব্র ভূয়সী প্রশংসা করেন। সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্তে সংগঠনের বার্ষিক সদস্য ফি ২০ ডলার থেকে বাড়িয়ে ৩০ ডলার নির্ধারণ করা হয় এবং গঠনতন্ত্রের ক্রীড়া নীতিমালায় কিছু প্রয়োজনীয় সংশোধনী অনুমোদন করা হয়।
সভার দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার ড. তরফদার শামীম নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। নির্ধারিত তফসিল অনুযায়ী সাতটি পদের বিপরীতে মোট সাতটি বৈধ মনোনয়নপত্র জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি নির্বাচিত ঘোষণা করা হয়। ২০২৬–২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে ড. নাজনীন নীলা এবং সহ-সভাপতি হাসিবুল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, কোষাধ্যক্ষ রহিম খান, সাংস্কৃতিক সম্পাদক লিজিয়া সালাম, ক্রীড়া সম্পাদক মো. সাজেদুল ইসলাম ও মিডিয়া সম্পাদক পদে হাসান তানভীর দায়িত্ব লাভ করেছেন।
নবনির্বাচিত সভাপতি ড. নাজনীন নীলা ব্রিসবেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিকে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও প্রবাসে বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসীদের সামাজিক বন্ধন সুদৃঢ় করার অঙ্গীকারের মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়।

