জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে পরিবহন ভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির প্রস্তাবে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।
মঙ্গলবার এক জরুরি প্রেস বার্তায় সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন। একই সঙ্গে নৌপথে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।
ভাড়া পুনর্নির্ধারণের প্রক্রিয়ায় যাত্রীদের প্রতিনিধি না রেখে পরিবহন মালিকদের সুবিধা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো বাস ও লঞ্চ মালিকদের সঙ্গে একাধিক বৈঠক করলেও যাত্রীদের মতামত নেওয়ার উদ্যোগ দেখা যায়নি।
ভাড়া সমন্বয়ের ক্ষেত্রে পরিবহন মালিকদের প্রকৃত পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং তার ভিত্তিতে ভাড়া বৃদ্ধির হিসাব কীভাবে করা হচ্ছে, তা জনসমক্ষে প্রকাশে স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি। জনস্বার্থে ভাড়া পুনর্নির্ধারণের সময় স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি যাত্রীদের প্রতিনিধিদের আলোচনায় রাখার দাবি জানিয়েছে তারা।

