সাতটি মামলায় জামিন পাওয়ার পর রাজধানীর পল্টন মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হয়েছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন মিয়াজীকে। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন কারাগার থেকে হেলাল উদ্দিনকে আদালতে হাজির করা হয়। তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম তাকে এ মামলায় গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন। তিনি দাবি করেন, হেলাল উদ্দিন ইতিমধ্যে সাতটি মামলায় জামিন পেয়েছেন এবং সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার বা হয়রানি না করার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। তবে আদালত আবেদনটি গ্রহণ না করে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল ঢাকার একটি স্থান থেকে হেলাল উদ্দিন মিয়াজীকে গ্রেপ্তার করা হয়। পরদিন পল্টন মডেল থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরে গত ১৪ সেপ্টেম্বর ওই থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. আবু সালেহ তাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন আদালত।
মামলার এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। বাদী মুশফিকুর রহমান আবির অভিযোগ করেন, ২০২২ সালের ডিসেম্বরে বিএনপির কর্মসূচি ঘিরে তাকে অপহরণ, মারধর, আটকে রেখে মুক্তিপণ দাবি এবং পরবর্তী সময়ে হামলা ও নির্যাতন করা হয়। মামলায় পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই মামলাটিতে হেলাল উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হলো।

