প্রধান খবর

স্মার্টফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাল ৬ষ্ঠ শ্রেণির ছাত্র

পছন্দসই স্মার্টফোন কিনে না দেওয়ায় অভিমান করে বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে গভীর রাতে সোজা থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। রোববার (২০ সেপ্টেম্বর) রাত প্রায় ১০টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ থানায় একাই এসে উপস্থিত হয় ওই কিশোর। ঘটনাটি মুহূর্তেই স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যদের মধ্যে চরম কৌতূহলের সৃষ্টি করে।

অভিযোগকারী ওই শিক্ষার্থীর নাম আলামিন। সে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মহনপুর এলাকার সফিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই একটি স্মার্টফোন কিনে দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে জেদ ধরেছিল আলামিন। কিন্তু অপ্রাপ্তবয়স্ক ছেলেকে মোবাইল কিনে দিতে রাজি হননি অভিভাবকরা। এতে ক্ষুব্ধ হয়ে পরিবারের সঙ্গে তার তীব্র মনোমালিন্য তৈরি হয়। একপর্যায়ে গভীর রাতে অভিমান করে বাবা-মায়ের কাছ থেকে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ এনে একাই হাজীগঞ্জ থানায় হাজির হয় সে।

থানায় একাকী এক শিশুকে অভিযোগ জানাতে দেখে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক জহির হোসেন তার সাথে কথা বলেন। তিনি শিশুটির আবেগ ও অভিযোগ গুরুত্বের সাথে শোনেন এবং পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। পরবর্তীতে থানায় ফোন করে আলামিনের বাবা-মাকে ডেকে আনে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ পরিদর্শক জহির হোসেন জানান, “স্মার্টফোন না পেয়ে শিশুটি তীব্র আবেগে ও অভিমান করে থানায় চলে এসেছিল। অত্যন্ত শান্তভাবে তার সঙ্গে কথা বলে তাকে বোঝানো হয়েছে। পরবর্তীতে বাবা-মা থানায় এলে পারিবারিকভাবে ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেওয়া হয়।”

পুলিশের সুন্দর মধ্যস্থতায় রাগ ক্ষোভ ভুলে পরিশেষে বাবা-মায়ের সাথে হাসিমুখে বাড়ি ফিরে গেছে আলামিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *