প্রধান খবর

হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি গ্রামীণ কল্যাণ

পাঁচ করবর্ষের ৬৬৬ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৩৭০ টাকা আয়কর দেওয়ার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেছিল ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ। তবে আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি কার্য তালিকা থেকে বাদ দিয়েছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত বলেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ লিখিত রায় না দেখে তাতে হস্তক্ষেপ করার সুযোগ নেই। গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মহিউদ্দিন চৌধুরী রায় স্থগিত চেয়ে আবেদনটি করেছিলেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের দাবি করা আয়করের বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে রায় দেন হাইকোর্ট। এর ফলে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত পাঁচ করবর্ষের আয়কর পরিশোধের বাধ্যবাধকতা তৈরি হয়।

গ্রামীণ কল্যাণের আইনজীবী জানান, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়ায় এখনো লিভ টু আপিল করা সম্ভব হচ্ছে না। এদিকে চেম্বার আদালত আবেদনটি গ্রহণ না করায় হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতের এই প্রচেষ্টা আপাতত সফল হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *