বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৪ সেপ্টেম্বর) খুলনায় এক মতবিনিময়সভায় তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক দেশে ঢোকানো হচ্ছে।
আইনমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে ড্রোনের মাধ্যমে ছোট ছোট প্যাকেটে নির্দিষ্ট স্থানে মাদক পাঠানো হচ্ছে। এর ফলে সন্ত্রাস বাড়ছে বলেও দাবি করেন তিনি। মাদক নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান।
সন্ত্রাস দমনে ‘ক্রসফায়ার’ প্রয়োজনীয় নয় মন্তব্য করে তিনি বলেন, বিদ্যমান আইনই সন্ত্রাস নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট। প্রয়োজনে আইন সংশোধন করা হবে, তবে আইনের কাঠামোর বাইরে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, বেআইনি ও সংবিধানবহির্ভূত কোনো পথে সরকার হাঁটবে না এবং মানবাধিকারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সব অপরাধের বিচার করার অঙ্গীকারের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার করতে না পারলে ইতিহাস ক্ষমা করবে না।

