প্রধান খবর

বরিশালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল : আটক ৭

বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বের করা একটি ঝটিকা মিছিল থেকে সাতজনকে আটক করেছে পুলিশ। নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, একদল ব্যক্তি ব্যানার হাতে সড়কের ওপর জড়ো হয়ে সংগঠিতভাবে অবস্থান নেন এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন। নিষিদ্ধ সংগঠনের মিছিলের খবর পেয়েই দ্রুত পুলিশ সেখানে পৌঁছায় এবং শুরুতেই ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে এলাকায় তল্লাশি ও ধারাবাহিক অভিযান চালিয়ে আরও দুজনকে হেফাজতে নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনাস্থলে ব্যবহৃত ব্যানারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের ছবি ছিল। এছাড়া বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ এবং স্থানীয় সাবেক এক কাউন্সিলরের ছবিও ব্যানারে শোভা পেতে দেখা যায়।

আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার কথা জানিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ তৎপর হয়ে জড়িতদের আটক করেছে। আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় এবং এই ঝটিকা মিছিলে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দিয়ে জানানো হয়েছে যে, জনশৃঙ্খলা বিঘ্নিত করার যেকোনো চেষ্টা কিংবা নিষিদ্ধ সংগঠনের সর্বপ্রকার তৎপরতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *