প্রধান খবর

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বৃহস্পতিবার রাজধানীর আইসিসিবিতে ১১তম বাপা ফুডপ্রো আন্তর্জাতিক এক্সপো-২০২৬ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্য ও কৃষিভিত্তিক শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে সরকার, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি।

তিনি জানান, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, অপচয় কমানো, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের খাদ্যপণ্যের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।

বাপা ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের যৌথ আয়োজনে এবারের এক্সপোতে ৩৭টি দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিচ্ছে। উদ্বোধন শেষে খাদ্যমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *