প্রধান খবর

মোবাইল হ্যাক ও স্বাক্ষর জাল নিয়ে এমপিদের সতর্কতা

জাতীয় সংসদ সদস্যদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ হ্যাক, ভয়েস ক্লোন এবং স্বাক্ষর জাল করে প্রতারণার ঘটনায় সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বৃহস্পতিবার সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এমপিদের সচেতন থাকার অনুরোধ করেন।

চিফ হুইপ জানান, সম্প্রতি কয়েকজন সংসদ সদস্যের নম্বর ব্যবহার করে জরুরি ভিত্তিতে ২৫ হাজার, ৩০ হাজার ও ৫০ হাজার টাকা পাঠানোর বার্তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এতে মোবাইল নম্বর হ্যাক হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ভয়েস ক্লোনের পাশাপাশি কাগজপত্র ব্যবহার করে স্বাক্ষর জাল করার ঘটনাও ঘটছে। বিরোধী ও সরকারি দলের উভয় পক্ষের সংসদ সদস্যরাই এমন সমস্যার শিকার হয়েছেন বলে সংসদে জানান চিফ হুইপ।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এ ধরনের প্রতারণা ঠেকাতে রাষ্ট্রীয়ভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। জবাবে চিফ হুইপ জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বিটিআরসি কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *