প্রধান খবর

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন

সিরাজগঞ্জ জেলা শহরের হোসেনপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের প্রধান ফটকে বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে কার্যকর ব্যবস্থা নেওয়ায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ে অবস্থিত জ্বালানিমন্ত্রীর বাসভবনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে আকস্মিক ঝড়ো হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি ও বিকট শব্দে তীব্র বজ্রপাত হচ্ছিল। বৃষ্টির সময়ই জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার প্রধান ফটকের কাছে বিকট শব্দে বজ্রপাত হলে সেখানে থাকা তিতাস গ্যাসের রাইজারে নিমেষেই আগুন ধরে যায় এবং আগুনের লেলিহান শিখা উঁচুতে উঠতে থাকে। দৃশ্যটি দেখে আশপাশের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে অকুস্থলে উপস্থিত হয়ে প্রায় পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা ১টা ১৫ মিনিটের দিকে জ্বালানিমন্ত্রীর বাসভবনে আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই টিম পাঠানো হয়। বাড়ির দায়িত্বরত নিরাপত্তারক্ষীর (গেটম্যান) ভাষ্য অনুযায়ী, গ্যাসের রাইজারে সরাসরি বজ্রপাত হলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সময়োপযোগী পদক্ষেপের কারণে গ্যাস সরবরাহ সংযোগ বিচ্ছিন্ন করে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *