দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ ও হংকং একটি বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি (আইপিপিএ) স্বাক্ষর করেছে। হংকংয়ে ১১তম বেল্ট অ্যান্ড রোড সামিট ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। হংকং সরকারের পক্ষে স্বাক্ষর করেন বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক সেক্রেটারি আলজের্নন ইএই।
চুক্তির ফলে দুই পক্ষের বিনিয়োগকারী ও পুঁজির সুরক্ষা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিবেশ তৈরি এবং নতুন অর্থনৈতিক সহযোগিতার সুযোগও বাড়বে।
বর্তমানে বাংলাদেশের সপ্তম বৃহত্তম বিনিয়োগ উৎস হংকং। গত পাঁচ বছরে হংকং থেকে বাংলাদেশ প্রায় ৭৫০ মিলিয়ন ডলারের এফডিআই পেয়েছে, যার মধ্যে ২০২৫ সালেই এসেছে ১২২ মিলিয়ন ডলার। নতুন চুক্তিতে তৈরি পোশাক, বস্ত্রসহ বিভিন্ন খাতে বিনিয়োগ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

