মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো এসব হামলায় অন্তত ৬ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
রাশিয়ার নোভোরোসিস্কে ইউক্রেনের ড্রোন হামলায় এক শিশুসহ চারজন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ক্রাসনোদার অঞ্চলের গভর্নর। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর ইউক্রেনের ৫৯৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
অন্যদিকে ইউক্রেনের ওডেসা অঞ্চলের স্টারোকোজাচে আন্তর্জাতিক সড়ক চেকপয়েন্টে রুশ ড্রোন হামলায় অন্তত দুই বেসামরিক নাগরিক নিহত ও তিনজন আহত হয়েছেন। পরে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী চেকপয়েন্টটি সাময়িকভাবে বন্ধ করে দেয়।
যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই ট্রাম্প-পুতিনের ফোনালাপ হয়। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপের প্রতি রাশিয়ার কোনো আগ্রাসী পরিকল্পনা নেই। এদিকে শীতের আগে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করতে নরওয়ে সফর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

