স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম আর কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে হঠাৎ যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক। পুরোনো ছবি, সে সময়ের ফ্যাশন ও জনপ্রিয় গান ব্যবহার করে নিজেদের এর স্মৃতি তুলে ধরছেন অনেকে।
‘হোয়াট ওয়্যার ইউ লাইক ইন দ্য ’৯০স’ ভাবনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এসব পোস্ট। নব্বইয়ের দশকের কয়েকটি ছবি দিয়ে ছোট স্লাইডশোর পাশাপাশি ব্যবহার করা হচ্ছে মার্কিন ব্যান্ড গু গু ডলসের ১৯৯৮ সালের জনপ্রিয় গান ‘আইরিস’।
ইনস্টাগ্রাম ও টিকটকে তারকা থেকে সাধারণ ব্যবহারকারী অনেকেই এই ট্রেন্ডে অংশ নিচ্ছেন। কেউ সত্যিকারের পুরোনো ছবি প্রকাশ করছেন, আবার কেউ এআইয়ের সাহায্যে বর্তমানের ছবিকে নব্বইয়ের দশকের পোশাক, পরিবেশ ও ফ্যাশনের আদলে রূপ দিচ্ছেন।
বিশ্বের পরিচিত অনেক তারকাও ইতিমধ্যে ট্রেন্ডটিতে অংশ নিয়েছেন। বাংলাদেশেও এর জনপ্রিয়তা বাড়ছে। পুরোনো ছবি ও পরিচিত গানের মাধ্যমে প্রযুক্তিনির্ভর বর্তমানের বাইরে গিয়ে নব্বইয়ের দশকের সেই নস্টালজিয়াই যেন নতুন করে ফিরে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

