প্রধান খবর

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী-ভাতা দেবে সরকার

মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। এর আওতায় মাসিক সম্মানী, উৎসব ভাতা ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

রবিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করে। এতে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও অন্যান্য সেবকদের সম্মানী দেওয়ার কথা বলা হয়েছে।

নীতিমালায় ধর্মীয় উৎসব উপলক্ষে উৎসব ভাতা এবং সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থার কথাও উল্লেখ রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিকল্প আয়ের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের কল্যাণ নিশ্চিতের মাধ্যমে তাদের আর্থিক অনিশ্চয়তা কমানো এবং ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক মূল্যবোধ আরও সুদৃঢ় করাই এর লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *