মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি গ্রামে ধর্মীয় উৎসব চলাকালে আতশবাজির বিস্ফোরণে দেয়াল ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জন। শনিবার রাতে তেমাসকালসিংগো পৌরসভার সান্তা মারিয়া কানচেসদা এলাকায় দে লা লুজ গির্জার পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় রীতি অনুযায়ী এক ধর্মীয় সন্তের সম্মানে আয়োজিত উৎসবের অংশ হিসেবে আতশবাজি প্রদর্শনী দেখতে শত শত মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। বিস্ফোরণের পর দেয়াল ধসে পড়লে বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণস্থলে ধোঁয়া ও ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালাতে দেখা যায়। স্থানীয় ডায়োসিস নিহতদের স্বজন ও আহতদের জন্য প্রার্থনার কথা জানিয়েছে।
মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দেশটিতে এর আগেও আতশবাজি বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটেছে।

