প্রধান খবর

রাজধানীতে বাসার জানালায় এসে দুর্বৃত্তদের গুলি: গুরুতর আহত গৃহিণী

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় নিজ ঘরের ভেতর টেলিভিশন দেখার সময় জানালা দিয়ে আসা হঠাৎ গুলিতে জেসমিন বেগম (৩৮) নামে এক গৃহিণী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালামের মাতবরবাড়ী মসজিদ গলি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আহত নারীর স্বজনরা জানান, রাতের বেলা জেসমিন বেগম নিজ ঘরের খোলা জানালার পাশে বসে টেলিভিশন দেখছিলেন। ঠিক সেই মুহূর্তে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা খোলা জানালা লক্ষ্য করে হঠাৎ গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। সজোরে আসা একটি গুলি সরাসরি তাঁর ডান হাতে বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পরবর্তীতে সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গভীর রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। গুলিবিদ্ধ জেসমিন বেগম মূলতঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাললা গ্রামের বাসিন্দা। তিনি স্বামী আব্দুল মান্নানের সঙ্গে দারুস সালামের ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডান হাতে মারাত্মক গুলিবিদ্ধ অবস্থায় ওই নারী বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। কী কারণে বা কারা এই অঘটন ঘটিয়েছে, তা তদন্ত করে দেখার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *