ভারতের কেরালা রাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তামিলনাড়ুর একটি বেসরকারি কলেজের আটজন প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) শিক্ষার্থী নিহত হয়েছেন। কেরালা রাজ্যের ত্রিশূর জেলার কাইপামঙ্গলম এলাকায় নিয়ন্ত্রণে থাকা একটি দ্রুতগামী গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজোরে ধাক্কা দিলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে কাইপামঙ্গলমের পানাম্বিকুন্নু এলাকায় জাতীয় সড়কে এই দুর্ঘটনা সংঘটিত হয়। ওই শিক্ষার্থীদের গাড়িটি গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় সড়কে সংস্কার কাজ চলছিল। আচমকা কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে থাকা একটি লরির পেছনে মারাত্মকভাবে সজোরে আছড়ে পড়ে।
সংঘর্ষের তীব্রতায় গাড়িটি মুহূর্তেই মুচড়ে-দুমেড়ে একাকার হয়ে যায় এবং ভেতরের যাত্রীরা ভয়াবহভাবে আটকে পড়েন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে উদ্ধারকাজে নামেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছে গাড়ির একাংশ কেটে আরোহীদের উদ্ধার করেন। দুর্ভাগ্যবশত ৭ জন শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারান। আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনাস্থলে উদ্ধার হওয়া এক শিক্ষার্থীর কলেজের পরিচয়পত্রের সূত্র ধরে জানা গেছে, নিহত সবাই তামিলনাড়ুর ডিন্ডিগুল এলাকার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির রেজিস্ট্রেশন নম্বরও তামিলনাড়ুর। নিহতদের সবার নাম-পরিচয় শতভাগ নিশ্চিত করতে এবং চালকের অসাবধানতা নাকি অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই ভয়াবহ ট্র্যাজেডি ঘটল, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

