চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় করা অস্ত্র মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ ১৯ বছর ধরে পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে ‘কিলার মাসুদ’কে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের দাবি, তিনি ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
র্যাব-৩ ও র্যাব-৭-এর যৌথ অভিযানে গত ১৮ আগস্ট রাতে চট্টগ্রাম মহানগরের ডাবলমুরিং থানার পাঠানতুলী এলাকার নাজমা ম্যানশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদুল করিমের বয়স ৫৫ বছর। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পূর্ব লাড়ুয়া এলাকার মৃত আব্দুল হালিম ভূইয়ার ছেলে।
র্যাব জানায়, ২০০৭ সালে ফরিদগঞ্জ থানায় অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মাসুদুল করিমের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।
দীর্ঘ ১৯ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে অবস্থান করছিলেন মাসুদ। এ সময় তিনি নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব। পরে ফরিদগঞ্জ থানার মামলার ভিত্তিতে র্যাব-৩ তার অবস্থান শনাক্ত করে এবং র্যাব-৭-এর সহযোগিতায় চট্টগ্রামের ডাবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার মাসুদুল করিমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত এই আসামির গ্রেপ্তারের ঘটনায় পুরোনো অস্ত্র মামলাটির আইনি কার্যক্রমও নতুন করে সামনে এসেছে।

