প্রধান খবর

আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে সক্রিয়: সালাহউদ্দিন

সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনগণের প্রত্যাশা ও আইনের শাসন—সব বিষয়কে সমন্বিতভাবে বিবেচনা করতে হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দায়িত্ব গ্রহণের সময় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ও কর্মপরিবেশ নাজুক ছিল। গত ছয় মাসে তাদের আধুনিকায়ন, মনোবল বৃদ্ধি এবং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার দাবি, অপরাধ সংঘটনের পর দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে।

রংপুরের চার খুনের ঘটনার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই ঘটনায়ও সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। জাতীয়ভাবে আলোচিত কিংবা অনালোচিত প্রতিটি অপরাধের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্তদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হচ্ছে। তিনি বলেন, রাতারাতি বড় ধরনের পরিবর্তন সম্ভব নয়; তবে ধীরে ধীরে পুলিশ বাহিনীকে জনগণের প্রত্যাশিত ও জনবান্ধব বাহিনীতে পরিণত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্যান্য শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রেও আইনি কাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভালো কাজের জন্য পুরস্কার ও স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ক্ষমা, ধৈর্য, সাম্য, সহনশীলতা ও ন্যায়বিচারের আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তিপূর্ণ ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *