পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই ও খালাসের কাজে সরকার নিবন্ধিত পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যদের অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে এ ঘটনায় অন্তত ১২ শ্রমিক আহত হয়েছেন।
শ্রমিকদের অভিযোগ, বেলা ১১টা থেকে তারা বিদ্যুৎকেন্দ্রে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরে কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় বিকেল ৩টার দিকে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে কয়েকজন শ্রমিক পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটি সংলগ্ন বটতলা বাজার এলাকায় অবস্থান করছিলেন।
শ্রমিকদের দাবি, বিকেল ৫টার দিকে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধার নেতৃত্বে ৭ থেকে ৮ জনের একটি দল লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি মারধরে ইউনিয়নের অন্তত ১২ সদস্য আহত হন। আহতদের মধ্যে রেজাউল প্যাদা, হীরন প্যাদা, ইমাম প্যাদা, খোকন ও হাসান গুরুতর আহত হওয়ায় তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত শ্রমিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, প্রশাসনের মধ্যস্থতায় আন্দোলন কর্মসূচি স্থগিত করার পরও তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
অভিযোগ অস্বীকার করে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধা বলেন, ঘটনাস্থলে প্রশাসনের লোকজন ছিলেন। তিনি হামলার সঙ্গে জড়িত ছিলেন কি না, তা প্রশাসন নির্ধারণ করবে। তার দাবি, মারধরের ঘটনা শোনার পর তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং কারা হামলায় জড়িত ছিলেন, তা তিনি জানেন না। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

