প্রযুক্তি নির্ভর ব্যস্ত জীবনে শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইম, মোবাইল আসক্তি ও অনলাইন গেমের নেতিবাচক প্রভাব এখন আধুনিক সমাজের অন্যতম বড় উদ্বেগ। শিশুদের এই ডিজিটাল বন্দিদশা থেকে বের করে এনে বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত করা এবং তাদের সামাজিক ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত ‘রামিন’স ফার্মে’ নেওয়া হয়েছে এক অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ।
এই উদ্যোগের অংশ হিসেবে রামিন’স ফার্মে শিশুদের পরিচালনায় চালু করা হয়েছে একটি বিশেষ স্টল। সেখানে শিশুরা নিজেরাই নিজেদের তৈরি বা সংগৃহীত নানা সহজ সামগ্রী অন্যান্য শিশু ও দর্শনার্থীদের কাছে বিক্রি করছে। উদ্যোক্তা হারুন অর রশিদ জানান, এই উদ্যোগটির উদ্দেশ্য মোটেও বাণিজ্যিক লাভ নয়; বরং শিশুদের জন্য একটি আনন্দময় ও সহযোগিতামূলক পরিবেশ তৈরি করা। এর মাধ্যমে শিশুরা যেন একে অপরের সাথে কথা বলতে পারে, ক্রেতাদের সাথে যোগাযোগ করে আত্মবিশ্বাস বাড়াতে পারে এবং বাস্তব জগতের মৌলিক অভিজ্ঞতা অর্জন করতে পারে।
স্মার্টফোন ও ট্যাবলেটের জগতে নিমজ্জিত থাকার কারণে বর্তমানে শিশুদের স্বাভাবিকভাবে মানুষের সাথে মেলামেশা ও খেলার মাধ্যমে শেখার সুযোগ অনেকটাই কমে গেছে। এই পরিস্থিতিতে অভিভাবক ও দর্শনার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন সন্তানদের নিয়ে এই স্টলে আসেন। কোনো কিছু ক্রয় না করলেও কেবল শিশুদের সাথে কথা বলা ও উৎসাহ প্রদানই তাদের মাঝে বড় ধরণের ইতিবাচক দায়িত্ববোধ তৈরি করবে বলে মনে করছেন আয়োজকরা।
স্টলটি প্রতি শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হচ্ছে। ছোট ছোট এমন শিশুবান্ধব উদ্যোগই স্ক্রিন টাইম কমিয়ে শিশুদের একটি সুন্দর ও স্বাভাবিক শৈশব উপহার দিতে পারে বলে আশা প্রকাশ করছেন আয়োজক ও প্রবাসী অভিভাবকবৃন্দ।

