সিডনির বহুল প্রতীক্ষিত ও জমজমাট আয়োজন ‘সিসিএ স্প্রিং ফেয়ার ২০২৬’-কে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মাঝে উৎসবের আমেজ এখন চরমে। আগামীকাল রবিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাওয়া এই বর্ণাঢ্য বসন্ত উৎসবের টাইটেল স্পন্সর ‘Motif by Nidhih’-এর স্বত্বাধিকারী ও উদ্যোক্তা নওশিন করিমের উদ্যোগে আজ শনিবার দুপুরে এক আনন্দঘন মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সিডনির ব্যাংকসটাউনের চ্যাপেল স্ট্রিটে অবস্থিত ‘Chilli Basil Authentic Thai Restaurant’-এ আয়োজিত এই সৌহার্দ্যপূর্ণ মধ্যাহ্নভোজে আসন্ন মেলার সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী এবং আয়োজক কমিটির সদস্যরা অংশ নেন। ব্যস্ত প্রস্তুতির ফাঁকে এই আয়োজন সংশ্লিষ্ট সকলের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও আনন্দমুখর পরিবেশ তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সাগর বাউল, প্রিয়াঙ্কা, সিথী, রবি চৌধুরী, রাজীব, মেজবাহ এবং ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের সম্মানিত কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ।
উদ্যোক্তা নওশিন করিমের ‘Motif by Nidhih’-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠান প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতি, সংগীত ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং প্রবাসী বাঙালিদের মাঝে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া (সিসিএ)-এর উদ্যোগে বহুসাংস্কৃতিক সিডনির বুকে বাংলা সংস্কৃতির রং ছড়িয়ে দিতে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
আগামীকালের মূল আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশ থেকে আমন্ত্রিত জনপ্রিয় শিল্পীদের সরাসরি সংগীত পরিবেশনা, হরেক রকমের ঐতিহ্যবাহী বাঙালি খাবার, আকর্ষণীয় স্টল এবং পরিবার-পরিজন নিয়ে বিনোদনের নানা আয়োজন। আয়োজকদের আশা, সিডনির ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে আয়োজিত এই মেলা প্রবাসী বাঙালি ও স্থানীয় বিভিন্ন সংস্কৃতির মানুষের এক বিশাল মিলনমেলায় পরিণত হবে।
একনজরে মেলার তথ্য:
অনুষ্ঠান: সিসিএ স্প্রিং ফেয়ার ২০২৬
তারিখ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সময়: সকাল ১১টা থেকে রাত ১০টা
স্থান: Fairfield Showground, 443 Smithfield Road, Prairiewood NSW 2176
আয়োজক: Chattogram Club Australia Inc.
টাইটেল স্পন্সর: Motif by Nidhih
সিডনির আকাশে বসন্তের রং, মঞ্চে সুরের মূর্ছনা আর চারপাশে প্রাণের উৎসবে মেতে উঠতে এখন শুধু রোববারের অপেক্ষায় প্রবাসী বাংলাদেশিরা।

