প্রধান খবর

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

দেশে ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর বাংলা কিউআরের ব্যবহার দ্রুত বাড়ছে। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে এই মাধ্যমে দৈনিক লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং লেনদেনের আর্থিক পরিমাণ প্রায় তিনগুণ হয়েছে। সর্বশেষ হিসাবে, বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে ১১০ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হচ্ছে।

রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের আওতায় গত ১ জুলাই থেকে দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো। তখন এসব লেনদেনের আর্থিক পরিমাণ ছিল গড়ে ৩৭ কোটি ৩৩ লাখ টাকা।

তবে গত এক সপ্তাহে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। এ সময়ে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড় লেনদেনের সংখ্যা বেড়ে প্রায় ৩ লাখ ৩ হাজারে দাঁড়িয়েছে। একই সঙ্গে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়ে হয়েছে প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকা।

ফলে ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের সংখ্যা ও আর্থিক পরিমাণ উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যাও দ্রুত বাড়ছে। ২১ জুলাই পর্যন্ত এ সেবা ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১৬ লাখ থাকলেও তা বেড়ে বর্তমানে ৩০ লাখের বেশি হয়েছে।

বাংলা কিউআরের বিস্তারে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও ভূমিকা রাখছে। ব্যাংকগুলো নিজেদের গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর সেবা সম্প্রসারণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

বাংলা কিউআরের ব্যবহার বৃদ্ধির ফলে দেশে ডিজিটাল লেনদেনের পরিধি আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। একই কিউআর ব্যবস্থার মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য লেনদেন প্রক্রিয়া আরও সহজ, সমন্বিত ও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে।

‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য হলো বিভিন্ন প্রতিষ্ঠানের আলাদা কিউআর কোডের পরিবর্তে একটি অভিন্ন বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে দেশে একটি সহজ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট অবকাঠামো গড়ে তোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *