প্রধান খবর

বাগেরহাটে রুটির প্রলোভনে ৭ বছরের শিশুকে ধর্ষণ: ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেফতার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় রুটির প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. এছাহাক মৃধা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শরণখোলা থানা সূত্র নিশ্চিত করেছে, উপজেলার বি-ধানসাগর গ্রামের সাত বছর বয়সী শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী মো. এছাহাক মৃধা রুটি দেওয়ার কথা বলে নিজের ঘরে ডেকে নেন। পরবর্তীতে ঘরে আটকে হাত ও মুখ বেঁধে তাকে ধর্ষণ করা হয় বলে দায়ের করা মামলায় অভিযোগ আনা হয়েছে। এ সময় শিশুটির চিৎকার রোধে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্ত।

ঘটনার পর ভয়ে শিশুটি দুই দিন নিশ্চুপ থাকলেও শনিবার বিকেলে শারীরিক তীব্র যন্ত্রণায় কাতর হয়ে মা ও স্বজনদের কাছে নির্মমতার ঘটনা প্রকাশ করে। ঘটনা জানাজানি হলে শনিবার রাতেই শিশুটির পরিবারের পক্ষ থেকে মো. এছাহাক মৃধাকে একমাত্র আসামি করে শরণখোলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলা পাওয়ার পরপরই রাতেই অভিযান চালিয়ে বি-ধানসাগর গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, গ্রেফতারের পর রোববার সকালে বাগেরহাট জেলা হাসপাতালে শিশুটির প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। দুপুরে অভিযুক্ত এছাহাক মৃধাকে বিচারকের সামনে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া ত্বরান্বিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *