অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা অবসর গ্রহণের পর বাংলাদেশে ফিরে এলেও যেন তাঁদের প্রাপ্য পেনশনসহ যাবতীয় সামাজিক নিরাপত্তা সুবিধা পেতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে একটি দ্বিপক্ষীয় ‘সামাজিক নিরাপত্তা চুক্তি’ (Social Security Agreement) স্বাক্ষরের আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মহাপরিচালক মোহাম্মদ রাশেদুল হকের সঙ্গে তাঁর ঢাকাস্থ কার্যালয়ে সাক্ষাৎ করে এ দাবি জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম। অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে তুলে ধরা হয়, দুই দেশের মধ্যে একটি নির্দিষ্ট দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হলে প্রবাসীদের দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা যেমন নিশ্চিত হবে, তেমনি তাঁরা নিশ্চিন্তে দেশে ফিরে অবসর জীবনযাপনের সুযোগ পাবেন। এর ফলে প্রবাসীদের অর্জিত পেনশন ও সামাজিক নিরাপত্তা খাতের বৈদ্যানুগ অর্থ সরাসরি ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে আসবে, যা দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখবে।
বোয়েসেল মহাপরিচালক প্রবাসীদের এই দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে শোনেন। উভয়পক্ষই প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণসাধন এবং দুই দেশের সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর তাগিদ দেন।

